মুম্বইয়ে দুর্ঘটনার কবলে বেপরোয়া গাড়ি; নিহত ৩, আশঙ্কাজনক একজন
মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের কোস্টাল রোডে দ্রুতগতির একটি বিএমডব্লিউ গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র তরফে রবিবার এই দুর্ঘটনার কথা
মুম্বইয়ে দুর্ঘটনার কবলে বেপরোয়া গাড়ি; নিহত ৩, আশঙ্কাজনক একজন


মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের কোস্টাল রোডে দ্রুতগতির একটি বিএমডব্লিউ গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র তরফে রবিবার এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

পুলিশ ও পুরসভা সূত্রে জানা গেছে, মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়ার সময় লোটাস জেটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিলাসবহুল গাড়িটি। অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। নায়ার হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারের (সিএমও) দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে দু’জনকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন সানয় গাজ্জাল (২১) এবং ধৈর্য শেঠ (১৭)। এছাড়া আনুমানিক ২৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় যুবককেও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, গাড়িতে থাকা আনুমানিক ২০ বছর বয়সি অপর এক অজ্ঞাতপরিচয় যুবকের অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে নায়ার হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে এবং গাড়িটি ঠিক কতটা গতিতে ছুটছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande