
হাফলং (অসম), ২০ সেপ্টেম্বর (হি স):
প্রথমবারের মতো ডিমা হাসাও জেলায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য পর্যায়ের বিশ্ব পর্যটন দিবস উদযাপন। আগামী ২৭ সেপ্টেম্বর উমরাংশুতে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে রবিবার পর্যটন দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান ডিমা হাসাও পর্যটন বিভাগের চেয়ারম্যান জশ্রিংদাও ফংলো।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ম্যারাথন, পরিচ্ছন্নতা অভিযান, প্যানেল আলোচনা, গল্ফ কোর্সে বৃক্ষরোপণ কর্মসূচি, মুক্ত অধিবেশন এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্যানেল আলোচনায় “ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনের পুনর্নির্মাণ” এবং “অসমে পাহাড়ি পর্যটন: আগামী দিনের পথ”-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্যের পর্যটন ক্ষেত্রে উদীয়মান সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের পর্যটন মন্ত্রী অজন্তা নেওগ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গর্লোসা। এছাড়াও হাফলংয়ের বিধায়ক রূপালী লাংথাসা এবং অসম সরকারের পর্যটন, স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতরের কমিশনার ও সচিব দিগন্ত বড়া, আইপিএস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজ্য পর্যায়ের বিশ্ব পর্যটন দিবস উদযাপনের আয়োজনের সুযোগ ডিমা হাসাও জেলাকে দেওয়ায় জেলা প্রশাসন ও ডিমা হাসাওয়ের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই অনুষ্ঠান ডিমা হাসাওয়ের সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবে জেলার বিপুল সম্ভাবনার প্রতি নজর আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি ও প্রকৃতি পর্যটনের ক্ষেত্রে ডিমা হাসাওয়ের সম্ভাবনাকে এই আয়োজনের মাধ্যমে আরও সামনে আনা হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব