দক্ষিণ-পূর্ব দিল্লিতে ট্রাক ও ক্রেনের সংঘর্ষে মৃত ৩, আরও তিনজন আহত
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহার এলাকায় ডাম্পার ট্রাক ও ক্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দাঁড়িয়ে থাকা একটি ক্রেন ও অটো-রিকশায় দ্রুতগতির ডাম্পার ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ-পূর্ব দিল্লিতে ট্রাক ও ক্রেনের সংঘর্ষে মৃত ৩


নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহার এলাকায় ডাম্পার ট্রাক ও ক্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দাঁড়িয়ে থাকা একটি ক্রেন ও অটো-রিকশায় দ্রুতগতির ডাম্পার ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৩.২০ মিনিট নাগাদ সরিতা বিহার থানা এলাকার অন্তর্গত ১৩ নম্বর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় 'সেফ সিটি প্রজেক্ট'-এর আওতায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ করছিলেন কর্মীরা। কাজের সুবিধার্থে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তাঁদের ব্যবহৃত ক্রেন এবং অটো-রিকশাটি। ঠিক তখনই নয়ডার দিক থেকে আসা একটি মাঝারি আকারের ডাম্পার ট্রাক সজোরে দাঁড়িয়ে থাকা ওই ক্রেন ও অটোয় ধাক্কা মারে।

দুর্ঘটনায় মৃত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন সঙ্গম বিহারের বাসিন্দা উমেশ (২৩) ও প্রবীণ (৩৫) এবং এক বেসরকারি সংস্থার এইচআর ম্যানেজার সুরজ (৩৪)। সুরজের বিস্তারিত পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত সুধীর নামের এক ব্যক্তি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন— সঙ্গম বিহারের আকাশ (২০) ও অনুপ (২৬) এবং রোহিণীর বাসিন্দা খেম সিং (৪০)। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ডাম্পার ট্রাকটির চালক দুর্ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চালককে চিহ্নিত করে গ্রেফতার করতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande