
আরামবাগ , ২০ সেপ্টেম্বর (হি.স.): মায়াপুর–১ নম্বর অঞ্চলের মুথাডাঙ্গায় উদ্বোধন হলো আরামবাগ বিধানসভার বিধায়ক সেবা কেন্দ্র। একইসঙ্গে রবিবার আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
নতুন সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনা এবং তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকরা। জনসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তুলে ধরা হয়।
অন্যদিকে, স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মানবসেবার উদ্দেশ্যে রক্তদানকারী সকল রক্তদাতাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপস্থিত বিধায়করা।
মানুষের পাশে থেকে জনসেবার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েই মুথাডাঙ্গায় এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA