
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি স): কলকাতা পুরসভায় আনুষ্ঠানিকভাবে ঘর পেলেন রাজ্য সরকার গঠিত রাস্তা পুনর্নামকরণ মূল্যায়ন কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান, ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ। বসেই কলকাতার বেশ কিছু ঐতিহাসিক ও ব্যস্ততম রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন তিনি।
কলকাতা সহ সমগ্র রাজ্যজুড়েই রাস্তার নাম সংশোধন, পরিবর্তন ও নতুন নামকরণের উদ্দেশ্যে ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যার প্রধান কার্তিক মহারাজ। সোমবার পুরসভা ভবনে গেরুয়া রঙে সজ্জিত টেবিল থাকা নিজস্ব ঘরে প্রথমবার বসেন তিনি।
এই কমিটিতে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ডঃ সুব্রত গুপ্ত, প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান নেতা তথাগত রায় এবং একাধিক সরকারি দফতরের উচ্চপদস্থ সচিব সদস্য হিসেবে রয়েছেন।
ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় চেতনার বিষয়াবলী বিবেচনা করেই যে কোনও স্থানের নাম চূড়ান্ত করা হবে।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একাধিক চর্চিত প্রস্তাবের কথা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে এনেছেন কার্তিক মহারাজ। তিনি জানান, বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রাথমিক প্রস্তাব তাঁর দফতরে এসে পৌঁছেছে।
পাশাপাশি নিহত আইপিএস বিনোদ মেহতার স্মরণেও একটি রাস্তার নামকরণের আর্জি জমা পড়েছে।
তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, আগামীদিনে কলকাতার সমস্ত বিতর্কিত ও পুরনো রাস্তার নামকরণ হবে ভারতের মহান মণীষীদের নামানুসারে ও ভারতের সনাতনী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত