
পৌড়ী গাড়ওয়াল, ২১ সেপ্টেম্বর ( হি.স.): উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়ালের রামলীলা ময়দান সংলগ্ন রাজস্ব বিভাগের আবাসন পরিদর্শন করলেন জেলাশাসক । সোমবার কলোনিতে চলা ক্ষুদ্র মেরামত সহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের তদারকি করেন তিনি। এর পাশাপাশি আবাসন চত্বরের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশও দেন এদিন ।
জেলাশাসক এদিন জানান, যে সমস্ত আবাসনগুলিতে মেরামতের কাজ শেষ হয়েছে, সেখানে যেন অবিলম্বে বিদ্যুৎ ও পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়া কলোনি চত্বর এবং প্রতিটি আবাসন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর তিনি জোর দেন। স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে রাস্তা নির্মাণ এবং যে সব জায়গায় সীমানা প্রাচীরের প্রয়োজন রয়েছে, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
কলোনি পরিদর্শনের সময় জেলাশাসক সেখানে বসবাসকারী বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক