
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে বিরোধী শিবিরের অন্যান্য দলগুলির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সংসদে আনুষ্ঠানিক নোটিস জমা দেওয়া হবে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলির দীর্ঘদিনের অসন্তোষের জেরেই এই পদক্ষেপ। সংসদের লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই এই প্রস্তাব পেশ করার জন্য সমমনস্ক দলগুলির সঙ্গে সমন্বয় গড়ে তোলা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে সংসদের সচিবালয়ে নোটিস জমা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিরোধীদের এই বেনজির পদক্ষেপে জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ