
অনন্তপুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় তীব্র খরার এক করুণ ছবি ধরা পড়ল গণেশ মূর্তি বিসর্জনের সময়। সিঙ্গারামালা কেন্দ্রের পুটলুর মণ্ডলে চিত্রাবতী নদী প্রায় পুরোপুরি শুকিয়ে যাওয়ায় নদীতে জল নেই। ফলে প্রতিমা বিসর্জন দিতে এসে চরম বিপাকে পড়েছেন ভক্তরা। নদীর শুকনো চরেই গণেশ মূর্তি রেখে ফিরতে বাধ্য হচ্ছেন তাঁরা।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে স্থানীয় এক বাসিন্দা জানান, “গত ১০-১৫ বছর ধরে আমি এখানে বসবাস করছি। কিন্তু ইতিহাসে এমন নজিরবিহীন খরার পরিস্থিতি কখনও অনন্তপুর বা অন্ধ্রপ্রদেশে দেখিনি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং চরম জলসংকটের কারণে এলাকার কৃষকরা চরম দুর্দশার মুখে পড়েছেন। এমনকি নদী শুকিয়ে যাওয়ায় ঈশ্বরেরও যেন খরা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে! এই সংকটজনক মুহূর্তে অবিলম্বে কৃষকদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ