
কাঠমান্ডু, ২৪ সেপ্টেম্বর (হি. স.): নেপালে ভারী বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে সরকার ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী স্কুল বন্ধ রাখার অনুরোধ করেছে। আবহাওয়া দফতর এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এই সময়ে দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তুষারপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার এনডিআরআরএমএ-এর পূর্বাভাসের ভিত্তিতে, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সকল শিক্ষা উন্নয়ন ও সমন্বয় ইউনিটকে প্রয়োজন অনুযায়ী স্কুল ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব শ্রীপ্রসাদ ভট্টরাইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণে বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা, নদীভাঙন এবং রাস্তা অবরোধের মতো ঝুঁকি তৈরি হতে পারে। মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এছাড়াও, ছাত্রছাত্রী, শিশু, শিক্ষক এবং কর্মচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, স্কুল ছুটির জন্য প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে যে, নির্ধারিত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলো এই সময়ে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত করবে। কোনো দুর্যোগের ক্ষেত্রে, যদি নিরাপদ স্কুল ভবনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বিশেষভাবে অভিভাবকদের কাছে আবেদন করেছে যেন তারা তাদের সন্তানদের নদী, ঝর্ণা, পুকুর এবং ভূমিধস-প্রবণ এলাকায় যাওয়া থেকে বিরত রাখেন এবং আবহাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন