
কাঠমান্ডু, ২৪ সেপ্টেম্বর (হি. স.): নেপালের বিদেশ মন্ত্রী শিশির খানাল সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য জার্মানির সহায়তা চেয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্বে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতররে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী রিম আলবালি রাদোভানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী খানাল দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন, সেইসাথে জলবায়ু সহনশীলতা, দুর্যোগ প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধিতে অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিদেশমন্ত্রী খানাল নেপালের উন্নয়ন প্রক্রিয়ায় জার্মানির দীর্ঘস্থায়ী ও উল্লেখযোগ্য সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি যৌথ দায়িত্ব। রাদোভান নেপালের সাম্প্রতিক বিধ্বংসী দুর্যোগকে একটি বৈশ্বিক যৌথ চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, জার্মানি নেপালকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে নেপাল-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আগামী দিনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার ও গভীর করার অঙ্গীকারও ব্যক্ত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন