
মুম্বাই, ২৪ সেপ্টেম্বর (হি স): লক্ষ্মীবারে কয়েক ঘণ্টায় কোটি কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। উৎসবের মরসুমের মুখে বাজারের গায়ে এ-হেন অবস্থার নেপথ্যে একাধিক কারণ চিহ্নিত করেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।
বিশেষজ্ঞদের একাংশের অনুমান, বিমার কমিশন এবং লভ্যাংশের উপর বিধিনিষেধের প্রস্তাবকেই মূল ‘খলনায়ক’ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে স্টকের সূচক। এ দিন, দুপুর দেড়টার মধ্যেই ১,১০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। বিকেলে লেনদেন বন্ধ হওয়ার পর পতনের পরিমাণ দাঁড়ায় ১২৪৭.৭১। ফলে, ১.৬৭ শতাংশ কমে ৭৩,৫৮০.৫৪ পয়েন্টে নেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)।
একই ছবি দেখা গিয়েছে নিফটিতেও। সেখানে পতনের অঙ্ক ৩৮৩.৭০ পয়েন্ট। ২৩,০৬৩.১০ পয়েন্টে দৌড় থামায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি-৫০। সব মিলিয়ে সেটি নেমেছে ১.৬৪ শতাংশ। উল্লেখ্য, প্রধান শিল্পক্ষেত্রগুলির নিরিখে ভারতীয় শেয়ার বাজারে মোট ১৬টি সূচক রয়েছে। এ দিন লেনদেন শুরুর কিছু ক্ষণের মধ্যেই খাদে নামে সেগুলির ১৪টি। এর মধ্যে অন্যতম হল নিফটি মিডক্যাপ-৫০, নিফটি মিডক্যাপ-১০০ এবং নিফটি স্মলক্যাপ-১০০। এই তিনটিতে যথাক্রমে ২.৫৭, ২.২৫ এবং ১.৫৩ শতাংশের পতন লক্ষ্য করা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত