
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি স): হাসপাতালে দালালির অভিযোগ। কলকাতার এসএসকেএম হাসপাতালে ওপিডির অনলাইন টিকিট বুকিংয়ের নাম করে প্রতারণা এবং টিকিট নিয়ে দালালচক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ।
ধৃতদের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা। একজন অভিযুক্ত হাসপাতালের বাইরে জেরক্সের দোকান চালান। ধৃতদের নাম আসাদ আলি (২১), মহম্মদ সাদিক (২৪) ও বিহিদ অহমদ (৩৯)। এঁদের কাজ ছিল ওপিডির ভুয়ো টিকিট বানিয়ে রোগীদের প্রতারণা করা। হাসপাতালের ভিতরে মজুত থাকতেন হাওড়ার দুই বাসিন্দা।
অভিযোগ, যে রোগীরা অনলাইন টিকিট কাটতে পারছেন না, তাঁদের মিথ্যে আশ্বাস দিয়ে বাইরের একটি জেরক্সের দোকানে নিয়ে যেতেন ওই দু’জন। তারপর সেই দোকান থেকেই রোগীদের ভুয়ো টিকিট বানিয়ে দেওয়া হত কিছু অর্থের বিনিময়ে।
বুধবার এই চক্রে জড়িত সন্দেহে তিন জনকেই পাকড়াও করে ভবানীপুর থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত