
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ড. টি আও ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা, টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারল মণিপুর। অনন্তপুরে শুক্রবার লড়াইটা গড়িয়েছিল স্নায়ুর পরীক্ষায়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল বাংলা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সকালে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড. টি আও ট্রফির ফাইনালে টাইব্রেকারে মণিপুরকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা। নির্ধারিত সময়ের খেলার ফলাফল ১-১ গোল।
এদিকে, শুরু থেকে আক্রমণাত্মক মেজাজেই ছিল বাংলা দল। ম্যাচের ১৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেয় দিয়া বিশ্বাস। প্রথমার্ধের খেলায় সেই ব্যবধান ধরে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মণিপুর (১-১)। এরপর নির্ধারিত ৯০ মিনিটে দু’দলের কেউই আর গোল করতে পারেনি। এর ফলে ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। সেখানেই বাংলার জয়ের ভিত গড়েছে গোলরক্ষক অন্বেষা নিয়োগী। দুর্দান্ত দক্ষতায় মণিপুরের দু’টি পেনাল্টি শট সে আটকে দেয়। অন্যদিকে, বাংলার হয়েই টাইব্রেকারে গোল করেন মৌমিতা মাঝি, সুদীপ্তা মণ্ডল ও পল্লবী বর্মন। অন্বেষার অসাধারণ পারফরম্যান্সেই শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করেছে এদিন বাংলা। এই সাফল্যের পর বাংলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ এবং সাপোর্টিং স্টাফকে অভিনন্দন জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত