
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ, নইলে পদত্যাগের দাবিতে সব রাজ্যে পথে নেমেছে কংগ্রেস। কলকাতায় প্রতিবাদে নেমে তাঁর গ্রেফতার দাবি করল প্রদেশ কংগ্রেস।
শুক্রবার কলেজ স্কোয়ারে জমায়েত করে মিছিল করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের উদ্দেশে। তবে, বি বি গাঙ্গুলি স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে মিছিল আটকে দিয়েছিল পুলিশ। সেখানেই জ্ঞানেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।
মিছিলে ছিলেন এআইসিসি-র পর্যবেক্ষক প্রকাশ জোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দলের অন্য নেতারা।
শুভঙ্করবাবুর দাবি, ‘‘ভোট চুরির অভিযোগ করে রাহুল গান্ধী আন্দোলন সংগঠিত করেছিলেন। তার পরেই দেখা গেল, ভোট চুরির পদ্ধতি বদলে গেল। বিহার এবং পশ্চিমবঙ্গে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ঘুরপথে বিজেপিকে ক্ষমতায় আনার কাজটা করা হল। বহুদলীয় সংস্কৃতিকে ধ্বংস করার এটা গভীর ষড়যন্ত্র।’’
মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে যত দ্রুত সম্ভব জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এককাট্টা হচ্ছেন বিরোধীরা। সংসদে এনিয়ে প্রস্তাব আনার তোড়জোড় চলছে। এই ইস্যুতে বিরোধীরা প্রায় সকলেই সহমত।প্রদেশ সভাপতির হুঁশিয়ারি, এই আবহে
শুভঙ্কর সরকার এদিন বলেন, ‘‘যাঁরা এখনও নির্বাচন কমিশনের মধ্যে থেকে কাজ করছেন, তাঁরা সংবিধানকে মানার চেষ্টা করুন। না হলে সময় এক দিন আসবেই! আমাদের নেতা রাহুল যেমন বলেছেন, প্রতিটা অন্যায়ের হিসাব ভারতবর্ষের মানুষই বুঝে নেবেন।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত