
দার্জিলিং, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ধসে বিধ্বস্ত হলো তাকদা গ্রামীণ হাসপাতাল। পাহাড়ে একটানা বৃষ্টির মধ্যে শুক্রবার ভোররাতে দার্জিলিংয়ের তাকদা ক্যান্টনমেন্ট হাসপাতালে এক ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ধসের কবলে পড়ে হাসপাতাল চত্বরে উপস্থিত অন্তত ৬ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাঁদের মধ্যে এক রোগীর আত্মীয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎই ব্যাপক ধস নামে| এর জেরে হাসপাতালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় স্বাস্থ্যকর্মী-সহ ৬ জন লোক হাসপাতালের ভেতরে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও, এক রোগীর আত্মীয় ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যান। উল্লেখ্য, তাকদা গ্রামীণ হাসপাতাল রাংলি-রাংলিয়ট ব্লকের সরকারি স্বাস্থ্য কেন্দ্র| এটি দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে। একটানা বৃষ্টির জেরেই এই ধস নেমেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ