
জগদলপুর, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বস্তার ও ওড়িশায় ভারী বৃষ্টি হয়েছে| আর ভারী বৃষ্টির জেরে কিরন্দুল-কোটাওয়ালসা রেললাইনে জয়পুরের পর কোরাপুটের দিকে ৪ থেকে ৫টি জায়গায় ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথও। এর জেরে শুক্রবার কিরন্দুল-বিশাখাপত্তনম রেলপথে চলাচলকারী দুটি প্রধান ট্রেন বাতিল করা হয়েছে।
কোরাপুট-রায়গড়া রেললাইনেও ভূমিধসের পাশাপাশি একটি সুড়ঙ্গে রেলপথে জল জমে যাওয়ার ঘটনা ঘটেছে। গত রাত থেকেই কেকে রেললাইনে একের পর এক এমন ঘটনা সামনে আসছে। ভূমিধসের কারণে ২৫ সেপ্টেম্বর কিরন্দুল-বিশাখাপত্তনম রেলপথের ৫৮৫০২/৫৮৫০১ কিরন্দুল-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার এবং ১৮৫১৬/১৮৫১৫ কিরন্দুল-বিশাখাপত্তনম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের অক্টোবরে হুদহুদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির জেরে বস্তার ও অন্ধ্রপ্রদেশের সংযোগকারী এই রেললাইনের জয়পুর-কোরাপুট রেলখণ্ডে ২৯টি জায়গায় ভূমিধস এবং রেললাইন ভেসে যাওয়ার ঘটনা ঘটেছিল। তার পর এবারই এই রেলপথে দ্বিতীয় বড় ক্ষয়ক্ষতির ঘটনা দেখা গেল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য