
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো (ইউপিআইটিএস)-এর চতুর্থ সংস্করণের সূচনা হতে চলেছে শুক্রবার গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এ দিন সকাল ১১টায় এর উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে ৮৮টি দেশের রাষ্ট্রদূত এবং ২৫০ জন বিদেশি ক্রেতাও অংশ নেবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২৯ সেপ্টেম্বর এই ট্রেড শো-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উত্তর প্রদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দফতরের মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরী নয়ডায় সাংবাদিকদের জানান, ইউপিআইটিএস রাজ্যের উদ্যোক্তা, প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময় এক্সপো মার্টে শুধুমাত্র প্রবেশপত্রের মাধ্যমেই প্রবেশ করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকাল ১১টায় পৌঁছবেন এবং তাঁকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূপেন্দ্র চৌধুরী বলেন, এবার ৬টি দেশকে সহযোগী দেশ হিসেবে যুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ২৫০ জন বিদেশি ক্রেতা উপস্থিত থাকবেন। ট্রেড শো-তে ২ হাজার ৪০০-রও বেশি প্রদর্শক অংশ নেবেন। ৮৫টি দেশ থেকে ৬০০-রও বেশি আন্তর্জাতিক ক্রেতা এতে অংশ নেবেন, যার মধ্যে ইতিমধ্যে ৭২টি দেশের ক্রেতারা নিবন্ধন সম্পন্ন করেছেন। এ বছর অস্ট্রিয়া, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর, বেলারুশ এবং ভিয়েতনাম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ