
মুর্শিদাবাদ, ২৬ সেপ্টেম্বর ( হি. স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদ থানা এলাকার হুলাসপুর উত্তর ডাঙাপাড়া অঞ্চল থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম তাহিদ শেখ। সে মুর্শিদাবাদ থানা এলাকার হুলাসপুর উত্তর ডাঙাপাড়ার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ওপর ভিত্তি করে মুর্শিদাবাদ থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেই সময় তাহিদ শেখকে আটকে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই নিজের কাছে রেখে ঘুরে বেড়াচ্ছিল তাহিদ। শনিবার অভিযুক্তকে লালবাগ মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, কাকে বিক্রির পরিকল্পনা ছিল এবং এই বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি