টিসিএস ইনকুইজিটিভ ২০২৬’-এর কলকাতা পর্বে বিজয়ী দিল্লি পাবলিক স্কুল, জাতীয় সেমিফাইনালে উঠল দেবায়ুধ-ইরাজ জুটি
​কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) :জ্ঞানের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস)। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর ঐতিহ্যবাহী আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা ‘টিসিএস ইনকুইজিটিভ ২০২৬’-এর কলকাতা পর্বে সেরা শিরোপা ছিনিয়ে নিল
ফাইল - ছবি


​কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) :জ্ঞানের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস)। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর ঐতিহ্যবাহী আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা ‘টিসিএস ইনকুইজিটিভ ২০২৬’-এর কলকাতা পর্বে সেরা শিরোপা ছিনিয়ে নিল দিল্লি পাবলিক স্কুলের দেবায়ুধ দাস ও ইরাজ সিংয়ের জুটি। এই জয়ের সাথেই শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সেমিফাইনালের টিকিটও সুনিশ্চিত করে ফেলেছে তারা।​উল্লেখ্য, এবারের কলকাতা পর্বে মোট ৩৭টি স্কুলের ১৬২টি দল অংশ নিয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর (ড.) সৈকত মৈত্র। এছাড়া টিসিএস-এর পূর্বাঞ্চলীয় ডেলিভারি সেন্টার প্রধান মনোজিৎ সেনগুপ্তও বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন।​এবারের প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিটি পর্ব শেষে প্রতিযোগীদের পারফরম্যান্স বিশ্লেষণ করার জন্য চালু করা হয়েছে রিয়েল-টাইম এআই-নির্ভর অ্যানালিটিক্স। এর ফলে পড়ুয়ারা অত্যন্ত দ্রুত নিজেদের দুর্বলতা চিহ্নিত করে পারফরম্যান্সে উন্নতি করার সুযোগ পাচ্ছে।​অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আয়োজিত এই কুইজে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, ব্যবসা, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার পাশাপাশি STEM-ভিত্তিক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, অটোমেশন ও বায়োমেট্রিক্সের ওপরও নানা বৈচিত্র্যময় প্রশ্ন রাখা হয়।​প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছরে পদার্পণ করা দেশের অন্যতম বৃহৎ এই স্কুল কুইজ প্রতিযোগিতার ২০২৬ সালের আসরটি ভারতের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা পর্বের সাফল্যের পর এবার জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে বিভিন্ন শহরের বিজয়ী দলগুলি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande