কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ, সুরক্ষার দাবিতে থানার দ্বারস্থ
কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : তৃণমূল কংগ্রেস নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ রবিবার অভিযোগ করেন যে, তাঁর বিধানসভা এলাকায় ফের একবার তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এর একদিন আগেই শনিবার হুগলির উত্তরপাড়াতেও তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর
কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ, সুরক্ষার দাবিতে থানার দ্বারস্থ


কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :

তৃণমূল কংগ্রেস নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ রবিবার অভিযোগ করেন যে, তাঁর বিধানসভা এলাকায় ফের একবার তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এর একদিন আগেই শনিবার হুগলির উত্তরপাড়াতেও তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, রবিবার তিনি বাড়ি থেকে বেরোনোর পর থেকেই কয়েকটি বাইকে চেপে বেশ কিছু দুষ্কৃতী তাঁর পিছু নেয়। ফুলবাগান এলাকায় পৌঁছালে বাইক আরোহীরা তাঁর গাড়িটিকে ঘিরে ফেলার চেষ্টা করে। এরপর নারকেলডাঙা মেইন রোডে তাঁর গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয় এবং হাতুড়ি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা চালানো হয়।

তিনি গুরুতর অভিযোগ তুলে জানান, আক্রমণকারীদের হাতে হাতুড়ির পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল এবং তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কুণাল বাবু বলেন, উত্তরপাড়ার ঘটনার পর পুনরায় এই ধরণের আক্রমণ প্রমাণ করে যে তাঁকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে এবং তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এই ঘটনার পরই বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার নারকেলডাঙা থানার দ্বারস্থ হন কুণাল ঘোষ। তবে খবরটি লেখা পর্যন্ত এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, এই ঘটনাটিকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করে সুর চড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রমাগত সংঘর্ষ চলছে এবং এই ঘটনাটিও তারই পরিণতি হতে পারে। ঘটনার প্রকৃত সত্যতা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande