নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, সুফিয়ান ও শাহাউদ্দিনের খোঁজে তল্লাশি পুলিশের
নন্দীগ্রাম, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে বিজেপি, কংগ্রেস, সিপিএম ও ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের জোরকদমে ভোট প্রচার চলছে, তো অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর প
নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, সুফিয়ান ও শাহাউদ্দিনের খোঁজে তল্লাশি পুলিশের


নন্দীগ্রাম, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে বিজেপি, কংগ্রেস, সিপিএম ও ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের জোরকদমে ভোট প্রচার চলছে, তো অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। রবিবার নন্দীগ্রাম থানার পুলিশ প্রাক্তন তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শেখ শাহাউদ্দিনের খোঁজে তাঁদের নিজ নিজ বাসভবনে তল্লাশি অভিযান চালায়। একই সাথে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নন্দীগ্রামে পৌঁছে যাওয়া ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং শুরু করেছে।

রবিবার দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রাম ১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদবাড় গ্রামের পরিচিত ‘জাহাজ বাড়ি’-তে পৌঁছায় পুলিশ। নন্দীগ্রাম আন্দোলন পর্বের ৫টি মামলায় বর্তমানে শেখ সুফিয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ পরিজনদের উপস্থিতিতে পুরো বাড়িতে তল্লাশি চালালেও সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেখ সুফিয়ানের জামাই তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান শেখ হাবিবুল জানান, নন্দীগ্রাম আন্দোলনের সময়কার বেশ কিছু মামলা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যাহার করে নিলেও ২০২১ সালে সেগুলি পুনরুজ্জীবিত হয়। সেই ৫টি মামলাতেই তাঁর শ্বশুরের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসার প্রয়োজনে বাইরে রয়েছেন বলে দাবি করে হাবিবুল জানান, আইনি প্রক্রিয়ার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

একই দিনে নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েত এলাকার হোসেনপুরে আরেক আন্দোলনকারী নেতা শেখ শাহাউদ্দিনের বাড়িতেও পুলিশ অভিযান চালায়। তবে তাঁকেও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে যেসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সুফিয়ান ও শাহাউদ্দিনের বিরুদ্ধেও একই ধারায় মামলা রয়েছে।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি প্রশ্ন তোলেন, ১৯ বছর পর কেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে? নারদা বা সারদা মামলায় সরকার কেন নীরব? নন্দীগ্রামে ভয়ের পরিবেশ তৈরি না করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

অন্যদিকে, নির্বাচন উপলক্ষ্যে রবিবার নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি প্রার্থী হাসিরানি রথ, স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং সাংসদ সৌমেন্দু অধিকারী সহ দলের কর্মী-সমর্থকরা উক্ত কর্মসূচিতে অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande