
আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা মানিক সরকারের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর ঘটনাকে কেন্দ্র করে রবিবার বামুটিয়ার কালীবাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিওয়াইএফআই-এর মোহনপুর বিভাগীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের অভিযোগ ওঠে। পাল্টা ঘটনাস্থলে জড়ো হন সিপিআই(এম) ও ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
জানা গেছে, রবিবার বামুটিয়ার কালীবাজার এলাকায় ডিওয়াইএফআই-এর বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তিনি কনভয় নিয়ে কালীবাজারের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে একদল বিজেপি কর্মী-সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। তাঁদের হাতে কালো পতাকাও ছিল এবং মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরিস্থিতি আঁচ করতে পেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁর গাড়িকে ঘিরে নিরাপত্তাবলয় তৈরি করেন। কিছু সময়ের জন্য তাঁর কনভয়ের চলাচল ব্যাহত হয়। সিপিআই(এম)-এর অভিযোগ, রাস্তা অবরোধ করে কনভয়কে এগোতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিপিআই(এম) ও ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরাও ঘটনাস্থলে জড়ো হন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশকর্মী ঘটনাস্থলে অবস্থান নেন। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মীরা মানিক সরকারকে সম্মেলনস্থলে নিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। তাঁর বক্তব্য, ডিওয়াইএফআই-এর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল হলের ভিতরে এবং বাইরে কোনও কর্মসূচি ছিল না। সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মানিক সরকার যোগ দিতে এসেছিলেন। তাঁকে কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তিনি জানান, ডিওয়াইএফআই-এর মোহনপুর বিভাগীয় সম্মেলনে যোগ দিতেই তিনি এসেছেন। সেখানে পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকদের তাঁকে দেখে স্লোগান দিতে দেখেছেন বলে জানান তিনি। পরে তিনি সম্মেলনে যোগ দেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ