
শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত পাঁচ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার কর্ণাহ তহশিলের টিটওয়াল-সিমারি সড়কে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিয়ে একটি সুমো গাড়ি টিটওয়াল থেকে সিমারির দিকে যাওয়ার সময় সিমারি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ছয় জন।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের উদ্ধার করে প্রথমে তাংধার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সকলকে হান্দোয়ারা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বার্তায় জানানো হয়, কর্ণাহ-তাংধারের এই দুর্ঘটনায় প্রাণহানিতে মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের যাতে সেরা চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরকে জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ