
উজ্জয়িনী, ২৮ সেপ্টেম্বর (হি.স.) রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য শাহী মসজিদের একাংশ ভাঙার উদ্যোগ ঘিরেই চরম উত্তেজনা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অন্যদিক থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টির ঘটনাও ঘটে। গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় শাহী মসজিদের একটি নির্দিষ্ট অংশ উচ্ছেদের পরিকল্পনা ছিল প্রশাসনের। এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে মসজিদের সামনে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হতে শুরু করেন। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পালটা পুলিশের ওপর শুরু হয় পাথর ও ইটবৃষ্টি। সংঘাতের তীব্রতা এতটাই বাড়ে যে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে হাতজোড় করে আবেদন জানাতে দেখা যায়। লাউডস্পিকারে পুলিশ আধিকারিকরা অনুরোধ করেন, “আপনারা পাথর ছুড়বেন না, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং শান্তিপূর্ণ আলোচনা করতে প্রস্তুত।” যদিও পুলিশের সেই আবেদনেও তৎক্ষণাৎ পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। মসজিদের আশপাশের এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে সংবেদনশীল পয়েন্টগুলিতে অতিরিক্ত বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রশাসনের আধিকারিকরা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ