
মস্কো, ৩০ সেপ্টেম্বর (হি.স.): রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের আকাশসীমার কাছাকাছি এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চক্কর কাটল মার্কিন গুপ্তচর বিমান ‘আর্তেমিস-২’। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ বিমানটি উড়ান শুরু করে। তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৭টা ৫০ মিনিটে সেটি কালিনিনগ্রাদ অঞ্চলের উপর চক্কর দেওয়ার নির্দিষ্ট উড়ানপথে প্রবেশ করে।
দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত একই এলাকায় ওই উড়ানপথ অনুসরণ করে বিমানটি। এরপর সেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঘুরে যায়।
মার্কিন সংস্থা লেডোস একটি ব্যবসায়িক বিমানকে রাডার নজরদারির প্রয়োজন মেটানোর উপযোগী করে পরিবর্তন করে ‘আর্তেমিস-২’ তৈরি করেছে। সামরিক ব্যবহারের জন্য পরিবর্তনের পর বিমানটিকে এই নাম দেওয়া হয়। কালিনিনগ্রাদ অঞ্চলের আশপাশের এলাকা ছাড়াও ক্রিমিয়া, রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং কৃষ্ণসাগরের উপর নিয়মিত এই বিমানের উড়ান নজরে এসেছে।
গত কয়েক বছর ধরে রাশিয়া তার পশ্চিম সীমান্তের কাছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-র সামরিক তৎপরতা এবং সেনা মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ক্রেমলিনের বক্তব্য, রাশিয়া কাউকে হুমকি দেয় না। তবে রাশিয়ার স্বার্থের জন্য সম্ভাব্য বিপজ্জনক কোনও পদক্ষেপকে তারা উপেক্ষা করবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য