
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালে হড়পা বান বিপর্যয়ের পর অনেকগুলি দিন অতিক্রান্ত। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয় নাগরিক, এর মধ্যে ৪৯ জন চিনে নিখোঁজ। বাকিরা নেপালে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠকে বলেন, বিপর্যয়ের পর ভারত নেপালের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি ফরেনসিক ও সুড়ঙ্গ-উদ্ধারকারী দল মোতায়েন করেছে। এ পর্যন্ত ১৬৯ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে; তবে ২৭৫ জন এখনও নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৪৯ জন চিনের ভূখণ্ডে নিখোঁজ। প্রয়োজন অনুযায়ী ভারত ত্রাণ, উদ্ধার ও পুনর্গঠন সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের পর ১৩ দিন অতিক্রান্ত। প্রাণের সন্ধানে এখনও চলছে উদ্ধারকাজ। তবে, সময় যত গড়াচ্ছে ততই কমছে আশা। নেপালে হড়পা বান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৫৫। এখনও বহু মানুষ নিখোঁজ। তাঁদের মধ্যে অনেক ভারতীয় নাগরিকও রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ