
মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে মঙ্গলবার গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর সপ্তম সংস্করণ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিন গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন সংঘাত ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি ও নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই এমন চলছে এবং বিশেষ করে এপ্রিল থেকে জুন— এই ত্রৈমাসিক ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এমন এক সময়ে, যখন ভারতের বিকাশ হার ৭.৮ শতাংশ, তখন বিশ্ব ভারতের ওপর নতুন করে আস্থা খুঁজে পাচ্ছে। এখানে উপস্থিত মানুষদের চেহারায় সেই আস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতি এই ক্রমবর্ধমান আস্থার একটি উদাহরণ হলো আমাদের 'সার্বভৌম রেটিং'। সম্প্রতি জাপানের একটি ক্রেডিট রেটিং সংস্থা ভারতের সার্বভৌম রেটিং উন্নীত করে 'এ' ক্যাটাগরিতে উন্নীত করেছে। খুব কম মানুষই জানেন, দীর্ঘ তিন দশক পর এই শুভ সময়টি এসেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের ফিনটেক-এর যাত্রা সত্যিই অসাধারণ, আর এর পেছনে রয়েছে এক বিশাল চালিকাশক্তি— আমাদের ইউপিআই। গত বছরেও আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম। এটি এমন এক বিশাল পরিবর্তন, ফিনটেক নিয়ে যখনই কোনও আলোচনা হবে, ইউপিআই-এর উল্লেখ ছাড়া তা অসম্পূর্ণই থেকে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ