
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবে কংগ্রেসের ইনচার্জ হিসেবে নিযুক্ত হওয়ার পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন শচীন পাইলট। মঙ্গলবার তিনি লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
দলীয় সূত্রে খবর, এ দিন সোনিয়া গান্ধীর বাসভবনে তাঁদের মধ্যে বৈঠক হয়। শচীন পাইলট রাহুল গান্ধীর সঙ্গে পাঞ্জাব কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি, দলীয় নেতাদের মধ্যে সমন্বয়, রাজনৈতিক কর্মসূচি এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রাহুল গান্ধীর প্রস্তাবিত পঞ্জাব সফর নিয়েও কথা হয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি শচীন পাইলটকে পঞ্জাবের ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছেন। শচীন পাইলট ভূপেশ বাঘেলের স্থলাভিষিক্ত হয়েছেন। পঞ্জাবে দলীয় সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়ানোর দায়িত্ব এখন শচীন পাইলটের ওপর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ