
কানপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কানপুর শহরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। কানপুর শহরের আনোয়ারগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়া অভিযুক্তের নাম সঞ্জয় কুমার সিং। তিনি নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ভুয়ো পুলিশের পোশাক, জাল পরিচয়পত্র, পিস্তল, কার্তুজ–সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মধ্য কানপুরের ডেপুটি পুলিশ কমিশনার অতুল শ্রীবাস্তব জানান, আনোয়ারগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী রোড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, উন্নাওয়ের বাসিন্দা সঞ্জয় কুমার সিং দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। পুলিশের পোশাক পরে চলাফেরা করতেন এবং গাড়িতে ভুয়ো সরকারি নম্বরপ্লেট ব্যবহার করতেন। এমনকি লখনউয়ে বেসরকারি স্কুল ও হোটেলে ভুয়ো ইন্টারভিউ ও পরীক্ষার আয়োজন করতেন তিনি। টাকা নেওয়ার পর ফল প্রকাশে দেরির অজুহাতে প্রার্থীদের ভয় দেখানো হতো।
পুলিশ আরও জানিয়েছে, এই প্রতারণা চক্রে সঞ্জয়ের সঙ্গে দুর্গেশ সবিতা ও বিজয় চৌহান নামের আরও দু’জন যুক্ত রয়েছে। তারা বর্তমানে পলাতক। ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য