
বীরভূম, ২২ ফেব্রুয়ারি (হি. স. ) : সূর্য পুজোয় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর আঘাতের ফলে গৃহবধূর মৃত্যু। স্বামী ও শিশু সন্তান গুরুতরভাবে আহত হন। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই করুণ পরিণতি হয়। চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
সূত্রের খবর, রবিবার দুপুরে বীরভূমের পারশুন্ডি থেকে বড়রা যাওয়ার জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি গাছে ধাক্কা মেরে উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণিমা রুইদাস (২৫) ওরফে আরতি রুইদাসের। তিনি কাঁকরতলা থানার ভেলেনি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্বামী বাপি রুইদাস, এক শিশু সন্তান এবং চালককে নিয়ে গৃহবধূ বাবুইজোড় গ্রামে সূর্য পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পারশুন্ডি-বড়রা জঙ্গলপথে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। জানালার ধারে বসে থাকায় গুরুতরভাবে আহত হন পূর্ণিমা দেবী। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত