
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : “এসআইআর-এর যাচাইকরণ পর্বে ‘লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলছে না।” বুধবার এই অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদ করল নির্বাচন কমিশন।
এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, ‘রোল অবজার্ভারদের লগইন তথ্য দিয়ে কলকাতার একটি জায়গা থেকে সাইট ব্যবহার করা হচ্ছে। বিষয়টি যদি স্বাধীনভাবে তদন্ত করা হয়, তবে প্রমাণিত হবে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলছে না।’
এ ব্যাপারে ইসি-র এক আধিকারিক এই প্রতিবেদককে বলেন, “এইআইআর-এর বিভিন্ন নথি খতিয়ে দেখতে বিধি মেনে মাইক্রো অবজার্ভাররা নজরদারি রাখছেন। জেলা এবং মহকুমা সদরে কাজের সুষ্ঠু পরিবেশ রাখতে বলেছে শীর্ষ আদালত। কিন্তু বহু ক্ষেত্রেই প্রযুক্তির সেই পরিবেশ নেই। ওই সব স্থানে কম্পিউটার পরিকাঠামো ও ব্রডব্যান্ড সংযোগ না থাকায় মাইক্রো অবজার্ভাররা অনেকে কলকাতা থেকে কাজ করছেন।”
অভিষেক লিখেছেন, “একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি লেখেন, ‘লগইন ডেটা অপব্যবহার করে প্রশ্ন তৈরি করা হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে।” এ ব্যাপারে ইসি-র বক্তব্য, “নিছক রাজনৈতিক অভিযোগ তুলে ইসি-কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। আর ৯/১০ দিনের মধ্যে খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে। প্রমাণহীন এইসব অভিযোগ নিয়ে আমরা এখন মাথা ঘামাতে রাজি নই।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত