
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দাখিল করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান্য করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি নিশানায় রয়েছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। আগেই কমিশন সেই অভিযোগ খারিজ করেছে। এবার প্রতিক্রিয়া মিলল স্বয়ং
মুরুগানের। এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে জানিয়েছেন, যা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে সেটি আদতে কোনও নির্দেশই নয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হোয়াটসঅ্যাপে কোনও নির্দেশ দিতে পারবে না নির্বাচন কমিশন। একই সঙ্গে, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সহায়ক মাত্র, সিদ্ধান্তমূলক নয়। কিন্তু তিনি সি মুরুগানের হোয়াটসঅ্যাপ বার্তার একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে কমিশন। মুরুগান সরাসরি মাইক্রো অবজার্ভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্মের শংসাপত্রর গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিচ্ছেন।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মুরুগান জানান, যে স্ক্রিনশটের কথা বলা হচ্ছে তাতে কোনও নির্দেশ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে তারই ‘ক্ল্যারিফিকেশন’ দেওয়া হয়েছে। আলাদা করে কাউকে কোনও নির্দেশ বা কোনও কিছুর নির্দেশিকা জারি করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত