
বারাসাত, ১৮ ফেব্রুয়ারি (হি. স.):-গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর চারচাকা গাড়ির কাচ ও অংশবিশেষ। শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হতেই দুষ্কৃতীরা দ্রুত বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বারাসাতের বিজেপি মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তাঁর বাড়ির উল্টো দিকে রাখা ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অনির্বাণ বিশ্বাসের দাবি, শাসক দলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব।ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হলে বারাসাত থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ফুটেজে দেখা গিয়েছে, এক বাইক আরোহী হঠাৎ গাড়ির সামনে এসে ইট ছুঁড়ে কাচ ভেঙে দেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়