
নয়াদিল্লি / ঢাকা, ১৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : ‘এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’ — প্রকাশ্যে পুলিশের আধিকারিকে এই হুমকি প্রদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসানকে ভারতের নয়াদিল্লিতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার দিল্লি বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট আটকে রাখার পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর দিল্লিতে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বিমানে ওঠার আগে ফেসবুক লাইভে মাহদি বলেন, ‘আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি বারবার বাংলাদেশের দূতাবাসে কথা বলতে চাইলেও তারা সুযোগ দেয়নি। আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে।’
এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসে মাহদি হাসানের অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার আগে একটি জনসভায় জনৈক ওসিকে উদ্দেশ্য করে মাহদি বলেছিলেন, ‘এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’। বিতর্কিত এই মন্তব্যের পর তার বিদেশ যাত্রা এবং দিল্লিতে পুলিশের হাতে আটক হওয়ার বিষয়টি নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
দিল্লি থেকে ‘জোরপূর্বক’ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিকে হয়রানি দাবি করে মাহদি হাসান বলেন, দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিত ঘটনা জনসম্মুখে প্রকাশ করবেন। দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে ফিরতি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস