
।। রাজীব দে ।।
ঢাকা, ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রবিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যক্তিগতভাবে এবং সৌদি সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
দুই দেশের শীর্ষ প্রতিনিধি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন তাঁরা। তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা করেছেন। বিশেষ করে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও সামাজিক খাতের উন্নয়নে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি রফতানি সংক্রান্ত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সুসম্পর্ককে আগামীতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত।
এর আগে, সকাল ৯-টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দফতরে এলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার। এর পর প্রধানমন্ত্রী তাঁর দাফতরিক কার্যক্রম শুরু করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস