
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): রমজান মাসের সূচনায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন— আজ পবিত্র রমজান মাসের শুভ সূচনায় আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, পবিত্র রমজান মাসে আপনাদের পবিত্র কর্তব্য পালন করুন। আমরাও এই পবিত্র রমজান মাসে আপনাদের সংকল্প সাধনে আপনাদের সঙ্গে আছি।
উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জি অনুসারে নবম মাস হলো রমজান, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকেন। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। প্রসঙ্গত, এই মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন, কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত