
আসানসোল, ১৮ ফেব্রুয়ারি (হি. স.):-বুধবার অবৈধ কয়লা বিরোধী অভিযানের সময় নিরাপত্তাকর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে আট বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আসানসোল জেলা আদালত। পাশাপাশি আদালত পাঁচ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে। নির্ধারিত জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মে অবৈধ কয়লা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। সেই সময় সংস্থার সিকিউরিটি ইন্সপেক্টর দিলীপ প্রসাদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ বাহিনী। তবে বাহিনী পৌঁছানোর আগেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে তদন্তে উল্লেখ করা হয়।পরবর্তীতে বারাবনি থানায় মামলা দায়ের হয় এবং দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর মামলাটি আসানসোল জেলা আদালতে ওঠে। মামলায় মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ ও উভয় পক্ষের যুক্তি খতিয়ে দেখে পশ্চিম বর্ধমান জেলার জেলা বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৩০৭ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। সরকারি পক্ষের আইনজীবী অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করেই আদালত কঠোর শাস্তি দিয়েছে। রায় ঘিরে শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের মতে, এই রায় অবৈধ কয়লা কারবারের বিরুদ্ধে কড়া বার্তা বহন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়