
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ‘বার্ড ক্লাসরুম’, অংশগ্রহণ করল পড়ুয়ারা।
কলকাতার উপকণ্ঠে এক ভোরের ক্যাম্পাস যেন হয়ে উঠল পাখির পাঠশালা। চলতি সপ্তাহেই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্যাম্পাস বার্ড কাউন্ট ২০২৬’-এ পড়ুয়াদের অংশগ্রহণ ও শিক্ষকদের যোগদান ছিল লক্ষণীয়। কর্মসূচিটি ছিল বিশ্বব্যাপী পালিত ‘গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট’ (চার দিনের কার্যক্রম)-এর অংশবিশেষ।
পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ভোর সাড়ে সাতটায় শুরু হয় ‘গাইডেড বার্ড ওয়াক’। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ২৬ জন ছাত্রছাত্রী ও ৬ জন শিক্ষক পাখি পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেন। সব তথ্য তৎক্ষণাৎ আপলোড করা হয়েছে ‘ই-বার্ড’-এর বৈশ্বিক ডেটাবেসে।
আয়োজকদের দাবি, মোট ২৮ প্রজাতির ৯৪টি পাখি নথিভুক্ত হয়েছে। দেখা মিলেছে ইয়েলো-ফুটেড গ্রিন পিজন, হোয়াইট-থ্রোটেড কিংফিশার, ব্লু-থ্রোটেড বারবেট-সহ একাধিক প্রজাতির। কীটভোজী থেকে ফলভোজী—বিভিন্ন খাদ্যাভ্যাসের পাখির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, আধা-নগর পরিবেশেও জীববৈচিত্র্য টিকে রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শ্রেণিকক্ষের বাইরে এমন উদ্যোগ পড়ুয়াদের জলবায়ু পরিবর্তন ও সংরক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেয়। ভোরের নরম আলোয় দূরবীন হাতে ‘পাখি দেখা’ ছিল শেখার এক নতুন পর্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত