ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
ভাঙড়, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গুরুতর জঘম হলো ৪ শিশু। বুধবার বিকেলে ভাঙড়ের খরগাছি–চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গো
ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক


ভাঙড়, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গুরুতর জঘম হলো ৪ শিশু। বুধবার বিকেলে ভাঙড়ের খরগাছি–চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে পিচ গলানোর কেমিক্যাল ভর্তি ড্রাম মজুত রাখা ছিল। আচমকাই সেই ড্রামে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি দোকানে আগুন ধরে যায়। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারজন শিশুর শরীরেও আগুন লেগে যায় এবং তারা মারাত্মকভাবে দগ্ধ হয়।

​বাসিন্দারা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয় । অপর এক শিশুর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালেই।

​ঘটনার খবর পেয়ে পৌঁছান ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক জানান, জেলা পরিষদের কোটায় এই রাস্তার কাজ চলছিল। তাঁর প্রাথমিক অনুমান, ড্রামে কোনও ছিদ্র ছিল অথবা বিড়ির আগুন থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande