
আরারিয়া, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফোর্বসগঞ্জের কোঠিহাট চকে। অভিযোগ, রাতে দোকান বন্ধ করার সময় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে জখম করেছে দুই বাইক আরোহী দুষ্কৃতী।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ দোকান বন্ধ করছিলেন অরুণ কেশরী। সেই সময় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী দোকানে ঢুকে টাকা লুটের চেষ্টা করে। টাকা না থাকার কথা বললে ওই স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি তাঁর ডান হাতে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় অরুণ কেশরীকে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার বিস্তারিত খোঁজ নেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য