
ডিব্রুগড় (অসম), ১৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : আজ অসম আর সন্ত্রাসের জন্য পরিচিত নয়, সীমাহীন উন্নয়ন সম্ভাবনার জন্য পরিচিত। আজ বুধবার ডিব্রুগড় জেলার মানকটা ময়দানে অনুষ্ঠিত বুথ পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন ভাষণ দিতে গিয়ে কথাগুলি বলেন।
ভাষণের শুরুতে নিতীন নবীন অসমের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন গোপীনাথ বরদলৈ-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তিনি বলেন, দলের মূল নীতি হলো, ‘আগে দেশ, তারপর দল, সর্বশেষে ব্যক্তি’ (ন্যাশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট)।
অসমে উন্নয়নের দ্রুত গতির জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। দলের সর্বভারতীয় সভাপতি বলেন, আজকের অসম আর সন্ত্রাসের জন্য পরিচিত নয়, সীমাহীন উন্নয়ন সম্ভাবনার জন্য পরিচিত। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘না খাবো, না খেতে দেবো’ — এই নীতিতেই তাঁরা বিশ্বাসী এবং এ বিষয়ে তাঁরা আপসহীন।
তিনি অভিযোগ করেন, কংগ্রেসের আমলে অসমের উন্নয়নের জন্য সুস্পষ্ট নীতি, সৎ উদ্দেশ্য বা কার্যকর নেতৃত্ব ছিল না। বিপরীতে, বিজেপির রয়েছে সুসংগঠিত নীতি, উন্নয়নমুখী লক্ষ্য এবং দৃঢ় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের আন্তর্জাতিক সীমান্তে পূর্ণাঙ্গ সড়ক নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে ৫০ শতাংশ ভোট অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য তিনি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস