
সিউড়ি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): বীরভূমের সিউড়ি রেল স্টেশন সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সময় স্থানীয়দের সন্দেহের মুখে পড়লেন ভিনরাজ্যের তিন ব্যক্তি। বুধবার তাঁদের ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তিরা কখনও রেলকর্মী, কখনও শ্রমিক ইউনিয়ন, আবার কখনও ‘আয়ুষ্মান ভারত’-এর প্রতিনিধি পরিচয় দিয়ে আধার ও ভোটার কার্ডের তথ্য চাইছিলেন। কিন্তু সঠিক পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাঁদের আটকে রাখেন।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এবং কোনও সন্তোষজনক উত্তর না মেলায় সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের জন্য দীর্ঘক্ষণ জেরা করা হয়।
আটক ব্যক্তিদের দাবি, কেন্দ্রীয় রেল মন্ত্রকের সহযোগিতায় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রেলগুদামে কর্মরত শ্রমিকদের সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য যাচাই করতেই তাঁরা এসেছিলেন। যদিও এলাকাবাসীর আশঙ্কা, সাম্প্রতিক কালে ঘটা বিভিন্ন প্রতারণার ঘটনার প্রেক্ষিতে তাঁরা সতর্ক হয়েই এই পদক্ষেপ করেছেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিদের পেশ করা নথিপত্র বৈধ কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত