
মধ্যমগ্রাম, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। গভীর রাতে ওই মহিলারা হোম থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং শেষ পর্যন্ত সকলকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়।জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, হোম কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই কারণেই তাঁরা পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের পুনরায় কোনও হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।এদিকে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট হোমে অবৈধ কার্যকলাপ চলছিল এবং প্রশাসনের নজরের সামনেই সবকিছু ঘটছিল। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগের সত্যতা এখনও মেলেনি এবং সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়