প্রস্তুতির খামতিতে ফিকে বিজেপির চার্জশিট অভিযান, মহিলাদের নিয়ে বড় দাবির মুখে প্রশ্ন
হুগলি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): বুধবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে ''চার্জশিট'' পেশ করলেন বিজেপির রাজ্যস্তরের নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। শাসকদলের
বিজেপির চার্জশিট


হুগলি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): বুধবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে 'চার্জশিট' পেশ করলেন বিজেপির রাজ্যস্তরের নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এবং তীক্ষ্ণ রাজনৈতিক আক্রমণ শানানো হলেও, প্রস্তুতির অভাব ও সাংগঠনিক স্ববিরোধিতার কারণে এই অভিযানের ধার কিছুটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উত্তরপাড়া, ডোমজুড়, চাঁপদানি, জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় তৃণমূল সরকারের দুর্নীতি, অব্যবস্থা এবং উন্নয়নের অভাব নিয়ে তোপ দাগা হয়। বিজেপির চার্জশিটে জল জমার সমস্যা, বেহাল রাস্তাঘাট, পানীয় জলের সঙ্কট, বেকারত্ব এবং আইন-শৃঙ্খলার অবনতিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে লক্ষ্যণীয় বিষয় হলো, চার্জশিট পেশের সময় মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলা হলেও, মঞ্চে বিজেপির কোনও মহিলা নেত্রী উপস্থিত ছিলেন না। মহিলাদের ইস্যুকে প্রাধান্য দিয়েও মঞ্চে নারী নেতৃত্বের এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।অনেকে বলছেন, দলের দাবির সঙ্গে বাস্তব ছবির বৈপরীত্য স্পষ্ট করে তুলেছে এটা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ, সহ-সভাপতি রাজেশ সিং এবং মিডিয়া ইনচার্জ যশবন্ত সিং। বিজেপি নেতাদের দাবি, এই চার্জশিট সাধারণ মানুষের সমস্যার প্রতিফলন এবং আগামী দিনে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চার্জশিটের মাধ্যমে বিজেপি আক্রমণাত্মক মেজাজ দেখালেও, পরিকল্পনার ত্রুটি এবং মহিলা প্রতিনিধিদের অভাব বার্তার প্রভাবকে কিছুটা ম্লান করেছে। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিতে তথ্যনিষ্ঠ এবং সার্বিকভাবে আরও নজর দিতে হবে বলে তাঁরা মনে করছেন।

বিজেপির এই চার্জশিট প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব প্রতিক্রিয়া দিয়ে বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব প্রচার কৌশল থাকে। সবাই নিজ নিজ স্টাইলে প্রচার করছেন। কিন্তু সত্যি এটাই যে, মানুষ আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন এবং তৃণমূলই জিতবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande