
দক্ষিণ দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ গুড় মজুত রাখার অভিযোগে বুধবার অভিযান চালাল আবগারি দফতর। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোড়ডাঙ্গী এলাকায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় ২৮ হাজার মেট্রিক টন গুড় বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত চিনিযুক্ত গুড় লাইসেন্স ছাড়া ৫ হাজার মেট্রিক টনের বেশি মজুত রাখা আইনত অপরাধ। মূলত এই ধরণের গুড় অবৈধ চোলাই মদ বা বিভিন্ন নেশাজাতীয় পানীয় তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বোড়ডাঙ্গী এলাকার ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনও বৈধ নথিপত্র ছাড়াই এই বিপুল পরিমাণ গুড় গোডাউনে জমিয়ে রাখছিলেন বলে খবর পায় আবগারি দফতরের আধিকারিকরা। বুধবার দুপুরে তাঁরা অভিযানে নামেন এবং গুড় মজুত বাজেয়াপ্ত করেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে আবগারি দফতর সূত্রে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ