
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): পুরুলিয়া জেলার মানবাজার এলাকায় রেশন বন্টনে অনিয়মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। রেশন ডিলারের বিরুদ্ধে অসহযোগিতা এবং কয়েক মাস ধরে রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার মানবাজার-পুরুলিয়া হাইওয়ের কেন্দা মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। প্রশাসনের হস্তক্ষেপে বুধবার থেকে ফের রেশন বন্টন শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেশন ডিলার বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছিলেন। পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় পথ অবরোধ উঠলেও, ক্ষুব্ধ উপভোক্তাদের একাংশ ডিলারের বাড়ির সামনে ধরনায় বসেন।
গ্রাহকরা জানান, গত তিন মাস ধরে আটা ছাড়া অন্য কোনও রেশন সামগ্রী তাঁরা পাননি। ডিলারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পৌষ সংক্রান্তির সময় বকেয়া সামগ্রী দেওয়া হবে। পরে তা সরস্বতী পুজাে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনও বন্টন হয়নি। এর পরেই ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বাসিন্দারা।
ঘটনাস্থলে পৌঁছান পুঞ্চা ব্লকের বিডিও দীপ চ্যাটার্জি, ব্লক খাদ্য পরিদর্শক সুমিত মণ্ডল এবং সিনিয়র ইন্সপেক্টর শ্রীকান্ত মুলা। তাঁরা রেশন ডিলারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আশ্বাস দেন যে, বুধবার থেকে গ্রাহকদের সমস্ত বকেয়া রেশন বুঝিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক প্রশিষলাল সিং জানান, ই-পস মেশিনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, ডিলারের মেশিন চালনার অভিজ্ঞতা কম থাকায় ভার্চুয়াল স্টকে গরমিল দেখা দিয়েছিল, যার ফলে এই বিলম্ব।
বুধবার সকালে ব্লক খাদ্য পরিদর্শক জানান, এই সমস্যা ২০২০-২২ সময়কাল থেকে শুরু হয়েছিল। রেশন ডিলার বিধান মাহাতো স্বীকার করেছেন যে, মেশিনের কাজ বুঝতে না পারার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের জমি বিক্রি করে গ্রাহকদের বকেয়া সামগ্রী সরবরাহ করছেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি