বাল্যবিবাহ রোধে আগরতলায় রাজ্যস্তরের কর্মশালা
আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করার লক্ষ্য নিয়ে বুধবার আগরতলায় আইএমএ হাউসে রাজ্য পর্যায়ের এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরার ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন (ভিএইচএট
আগরতলায় কর্মশালা


আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করার লক্ষ্য নিয়ে বুধবার আগরতলায় আইএমএ হাউসে রাজ্য পর্যায়ের এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরার ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন (ভিএইচএটি) ও মিরাকল ফাউন্ডেশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা চাইল্ডলাইনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন ও পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিএইচএটি-এর নির্বাহী পরিচালক ডাঃ সুজিত ঘোষ জানান, শিশু অধিকার সুরক্ষায় মাঠপর্যায়ের কর্মী ও সংশ্লিষ্টদের কর্তব্য, পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “ত্রিপুরা সহ সারা দেশে ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযান চলছে, যা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে। আজকের কর্মসূচি সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।”

কর্মশালায় শিশু অধিকার ও সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে ধারণা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সম্প্রদায়ভিত্তিক হস্তক্ষেপের কার্যকর কৌশল এবং তৃণমূল স্তরে কাজ শক্তিশালী করতে এনজিও ও স্থানীয় সংস্থাগুলির সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগের লক্ষ্য শুধু আইনি সচেতনতা বৃদ্ধি নয়, বরং শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মর্যাদার অধিকার নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ত্রিপুরা বাল্যবিবাহ নির্মূলে জাতীয় লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande