
পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার পথে আচমকাই দুর্ঘটনা। টোটোয় চড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় ছড়িয়ে থাকা বালিতে চাকা বেসামাল হয়ে উলটে গেল টোটো। আহত হলেন চালক ও ৬ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ২ জনের চোট গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে সেই টোটো চালকই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকায়।
জানা গিয়েছে, ৬ জন পরীক্ষার্থীই রত্নেশ্বরবাটি হাইস্কুলের ছাত্রী। তাঁদের উচ্চমাধ্যমিকের সেন্টার পড়েছে ঘাটালের বসন্তকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে। এদিন গ্রামের বাড়ি থেকে টোটোয় চড়ে পরীক্ষা দিতে রওনা দিয়েছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিবেকানন্দ ক্লাবের সামনে পৌঁছতেই বিপত্তি। রাস্তার ধারে ফেলা বালির উপর দিয়ে উঠতেই নিয়ন্ত্রণ হারায় টোটো। মুহূর্তের মধ্যে উলটে যায় গাড়ি। আহতদের দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর জখম দুজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই পরীক্ষা দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি সেখানে পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয়। অন্য ৪ জন পরীক্ষার্থী ও চালকের চোট তুলনামূলক কম ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ