
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ঐতিহ্যবাহী মালদা টাউন রেলওয়ে স্টেশন-এর ব্যাপক আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে স্টেশনটিকে বিশ্বমানের পরিষেবাসম্পন্ন আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হচ্ছে বলে বৃহস্পতিবার পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।প্রকল্পের আওতায় স্টেশনের বাহ্যিক নকশা দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে সুপ্রশস্ত সার্কুলেটিং এরিয়া, আধুনিক কনকোর্স, উন্নত এয়ার কুলিং ও এক্সস্ট সিস্টেম। প্ল্যাটফর্মগুলির উপরিভাগ সংস্কার করে যাত্রী নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি থাকছে আধুনিক ওয়েটিং হল, ফুড কোর্ট, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং রুফ প্লাজা।ডিজিটাল ডিসপ্লে বোর্ড, উন্নত সিসিটিভি নজরদারি, ইনফরমেশন কিয়স্ক, মাল্টি-লেভেল পার্কিং, লিফট ও এসকেলেটরের মতো সুবিধাও যুক্ত হবে। ফলে স্টেশনটির চেহারা অনেকটাই বিমানবন্দরের আদলে গড়ে উঠবে।রেল কর্তৃপক্ষের মতে, এই আধুনিকীকরণ কেবল যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াবে না, মালদার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে মালদা টাউন স্টেশন নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়