
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি (হি. স.): শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকেই বেলুড় মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতির মধ্য দিয়ে দিনের বিশেষ পূজা ও ধর্মীয় কর্মসূচির সূচনা হয়। এরপর সারাদিন ধরে নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঠের মূল মন্দিরের ডানদিকে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই ভক্তিগীতি, স্তবগান, বেদপাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন। ঠাকুরের জীবনাদর্শ ও মানবধর্মের বাণী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সন্ন্যাসীরা।জন্মতিথি উপলক্ষে এদিন বেলুড় মঠে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে মঠ কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফেও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।ভক্তদের মতে, শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানবতা, সহিষ্ণুতা ও সম্প্রীতির বার্তা পুনরুজ্জীবিত করার এক পবিত্র দিন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়